প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সেলিম ভূঁইয়ার নেতৃত্বকে শক্তিশালী করতে নিলখীতে সৈকত ভান্ডারীকে চান সমর্থকেরা

মোঃ তারিকুল ইসলাম (তারেক)।

কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন মোশাররফ হোসেন সৈকত ভান্ডারী। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা জানিয়ে সমর্থন জানাচ্ছেন স্থানীয় সমর্থকেরা।

স্থানীয় সমর্থকদের ভাষ্য, পারিবারিক ঐতিহ্য, সামাজিক গ্রহণযোগ্যতা, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং জনসেবার মানসিকতার কারণে সৈকত ভান্ডারী চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় প্রার্থী। তাঁদের মতে, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তাঁর মতো তরুণ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন।

সৈকত ভান্ডারীর প্রয়াত পিতা আবুল হাসেম ছিলেন নিলখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাঁর সেই অবদান এখনো ইউনিয়নের অনেক মানুষের স্মৃতিতে রয়েছে। বাবার রেখে যাওয়া জনসেবার ঐতিহ্য ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করতে চান তাঁর ছেলে সৈকত ভান্ডারী।

স্থানীয় সমর্থকেরা মনে করেন, বিএনপি তাঁকে দলীয় মনোনয়ন দিলে নিলখী ইউনিয়নে দলের সাংগঠনিক অবস্থান আরও সুসংহত হওয়ার পাশাপাশি জনসম্পৃক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা।

এদিকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং নিলখী ইউনিয়নের সার্বিক উন্নয়নের প্রত্যাশা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন সৈকত ভান্ডারী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তাঁর সমর্থকদের মধ্যে আগ্রহও বাড়ছে।
সব মিলিয়ে নিলখী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোশাররফ হোসেন সৈকত ভান্ডারীকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

প্রিন্ট করুন