ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে তাঁর আইনজীবীরা এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। রয়টার্সকে তিনি বলেছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীরা আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। তাঁদের যুক্তি, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তির অধীনে থাকা বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদনগুলো নিষ্পত্তি করা উচিত।
এদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে রয়টার্স। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স।

অনলাইন ডেস্ক :