প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রাণ গেল জিসানের, জানাজায় সচিব ও জেলা প্রশাসক

মোঃ তারিকুল ইসলাম (তারেক)।

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে মারা যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিসান আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় হোমনা উপজেলা পরিষদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় পুরো মাঠজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শোক ও সমবেদনা প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইদ্দিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিবারের পক্ষ থেকে জিসানের চাচা সাইদুল ইসলাম। বক্তারা জিসানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে শোকাহত জিসানের মায়ের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইদ্দিন। সন্তানের শোকে মায়ের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, সোমবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের মধ্যকার ফুটবল খেলা চলাকালে হঠাৎ মাঠে পড়ে যায় জিসান। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান হোমনায় আসেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় সচিবের মোবাইল ফোনের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক জিসানের অভিভাবকের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। তিনি হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইদ্দিনের সঙ্গেও কথা বলেন।

নিহত জিসান আহমেদ হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবা জালাল হোসেন প্রবাসে রয়েছেন। জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানাজা শেষে জিসানের মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয়। তার বাবা প্রবাস থেকে দেশে ফেরার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে।

একটি আনন্দঘন ক্রীড়া আয়োজনের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় হোমনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকাহত তার শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনেরা। বিশেষ করে সন্তানের মরদেহ সামনে রেখে মায়ের কান্না উপস্থিত মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।

প্রিন্ট করুন