প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হোমনায় চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী হাবিবুর রহমান মুকুলের গণসংযোগ

মোঃ তারিকুল ইসলাম (তারেক)।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী মোঃ হাবিবুর রহমান মুকুল গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেন এবং সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মোঃ হাবিবুর রহমান মুকুল বলেন, “আমি নির্বাচিত হতে পারলে ২নং ঘাগুটিয়া ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিশেষ গুরুত্ব দেব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইউনিয়নের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল সেবা ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। কোনো প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য।”

মুকুল বলেন, “আমি ঘাগুটিয়া ইউনিয়নের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকতে চাই। আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছি। এ জন্য ইউনিয়নবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, মোঃ হাবিবুর রহমান মুকুল ২নং ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোমনা উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী হিসেবে মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রিন্ট করুন