প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তিতাসে এমপির সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০, বিদ্যালয়ে আশ্রয় নিলেন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার তিতাসে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষ ও অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার রাতেই তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া গোপালপুরে একটি মাটির সড়কে ইট বসানোর কাজ এবং নাগেরচর-গোপালপুর খালের ওপর পুরোনো সেতুর ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। পরে জামাল উদ্দিন প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনাস্থলে যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ তাঁর সমর্থকদের নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় জামাল উদ্দিন প্রধান ও এমদাদ হোসেন আখন্দের সমর্থকদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

উভয় পক্ষের লোকজন লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে একে অপরের ওপর হামলা চালান। সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদ সদস্য মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি

 

সংঘর্ষে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন গোপালপুর গ্রামের ফাহিম (২২), রনি (৩৪), এম এ জিহাদ (১৯) ও ইসলাম (২২)। তাঁদের মধ্যে ফাহিম ও রনির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

 

পাল্টাপাল্টি অভিযোগ

 

সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে এমদাদ হোসেন আখন্দ অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জামাল উদ্দিন প্রধান আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাঁর ছোট ভাই সাইমুন ইসলাম আখন্দকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া পূর্বপরিকল্পিতভাবে তাঁর বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ করেন এমদাদ। অনুষ্ঠানে প্রবেশের সময় তাঁকে ও তাঁর সমর্থকদের বাধা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর কয়েকজন সমর্থক আহত হয়েছেন এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তবে এসব অভিযোগের বিষয়ে জামাল উদ্দিন প্রধানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার বক্তব্য জানতে বৃহস্পতিবার রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 

দল থেকে বহিষ্কার এমদাদ হোসেন

 

সংঘর্ষের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার রাতে এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠিতে তাঁকে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানিয়েছেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট করুন