প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বাসা ভাড়া নেয়ার নামে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার লুট ডিবি’র অভিযানে দুষ্কৃতকারী চক্রের মূল হোতাসহ ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক

ফেনীতে বাসা ভাড়া নেয়ার নাম করে ঘরে ঢুকে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নেয়া দুষ্কৃতকারী চক্র বেশ সক্রিয় হয়ে ওঠেছে। গত ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে এক নারীসহ চক্রের সদস্যরা বাসা ভাড়া নিতে ফেনী সদর এলাকার বনানীপাড়া গ্রামের আহসানুল করিমের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে বশীভূত করে অভিনব কায়দায় ৪২ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনার পর থেকে ফেনী ডিবি পুলিশের একটি দল ছদ্মবেশে ফেনী, কুমিল্লা, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মঙ্গলবার পর্যন্ত ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চক্রের মূল হোতা কুমিল্লার হোমনা উপজেলার নীলক্ষি পূর্বপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে মো. আলী হাসান (৫০), একই গ্রামের আব্দুল সালামের ছেলে মো. শাহজালাল (৩৮), সজিবের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর গ্রামের খাদেম ওসমানের স্ত্রী বেবী আক্তার ওরফে বকুল (৪০) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার আউটিয়া খোলা গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে ও ইলিয়টগঞ্জ বাজারের সঙ্গীতা শিল্পালয় নামীয় স্বর্ণের দোকানদার রূপ কমল চন্দ্র দাস (৪৩)। অভিযানে অংশ নেয়া ফেনী ডিবি’র এএসআই হান্নান আল মামুন এসব জানিয়েছেন। তাদের মধ্যে একাধিক আসামি কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকতো।
জানা যায়, গত ২৬ জানুয়ারি ফেনী জেলার শান্তি কোম্পানি রোডের পাশে বনানীপাড়াস্থ মনোয়ারা ভ্যালীর জনৈক ব্যক্তির বাসায় বাড়ি ভাড়ার নাম করে ৩/৪ জন লোক ঘরে প্রবেশ করে। এসময় তারা আপন মানুষের মতো দেশীয় মাছ, দেশীয় ফল উপহার দেওয়ার নামে মন ভুলানো কথা বলে। একপর্যায়ে বিনামূল্যে স্বর্ণ ধুয়ে দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভূক্তভোগী গত ২ মার্চ ফেনী মডেল থানায় মামলা করেন। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি সকাল অনুমান পৌণে ১০টার দিকে বনানী পাড়া এলাকার আরেকটি বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে অজ্ঞাতনামা একজন পুরুষ ও একজন নারী প্রবেশ করে এবং তারা অভিনব কায়দায় গৃহকত্রী মনোয়ারা বেগমের বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে ২৮ লাখ টাকা মূল্যের ৪২ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে নিয়ে যায়। এ ঘটনায় ৬ এপ্রিল ভুক্তভোগী আহসানুল করিম (৪৩) বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ বদরুল আলম মোল্লার সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থুয়াই অংপ্রু মারমা সঙ্গীয় এসআই রতন, এসআই নারায়ণ, ডিবির এএসআই হান্নান আল মামুনসহ পুলিশের একটি চৌকস দল দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযানে মাঠে নামে। অভিযানে অংশ নেয়া ফেনী ডিবি’র এএসআই হান্নান আল মামুন জানান, তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এবং ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনা সমূহের সঙ্গে জড়িত অজ্ঞাত পুরুষ ও মহিলাকে সনাক্তকরণসহ আত্মসাৎকৃত স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, কুমিল্লার গৌরিপুর, হোমনা ও ইলিয়টগঞ্জসহ বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের দেখানোমতে ৩ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগ্রারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ‘আসামিরা স্বেচ্ছায় স্বীকার করে বলেছে- তারা একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র। তারা ফেনী, চাঁদপুর, কুমিল্লা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসা-বাড়িতে প্রবেশ করে নিজের পুকুরের ছোট মাছ, নিজ গাছের ফল-ফলাদি ইত্যাদি উপস্থাপন করে ভুক্তভোগীদের বশীভূত করে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার আত্মসাত করে আসছিল।

প্রিন্ট করুন