প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হোমনার মনিপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মোঃ তারিকুল ইসলাম (তারেক)।

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর বাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মনিপুর ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়।

(১৩ নভেম্বর) মনিপুর ডায়াবেটিক সেন্টার থেকে র‍্যালিটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে ডায়াবেটিস প্রতিরোধ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় মনিপুর ডায়াবেটিক সেন্টারের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বিপ্লব বলেন, ‘মনিপুর ডায়াবেটিক সেন্টার সব সময় ডায়াবেটিস রোগীসহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় পাশে থাকবে। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’

তিনি আরও বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অর্থের অভাবে যেন এলাকার কোনো মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের লক্ষ্য।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে মানুষকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রিন্ট করুন