কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কাঠ ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি এফআইআর হিসেবে রুজু করা হয়েছে। গত ১৫ নভেম্বর (রবিবার) মামলাটি থানায় নথিভুক্ত হয়।
নিহত ছিদ্দিক মিয়ার ছেলে মো. বাহার মিয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় মো. মাহফুজ মিয়া (৪৫), মো. ইমন (২০) এবং মো. ফারুক প্রকাশে চোরা ফারুককে (৪০) আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছিদ্দিক মিয়ার সঙ্গে প্রথম আসামি মাহফুজ মিয়ার কাঠ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ফোন করে ছিদ্দিক মিয়াকে আসামিদের বাড়ির পাশে ডেকে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, সেখানে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলের একটি ডোবায় ফেলে রাখে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর মৃত্যুকে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপন এবং দ্রুত দাফন সম্পন্ন করার চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে পরবর্তী সময়ে গোসল করানোর সময় নিহতের গলায় ও পেছনের দিকে নখের দাগ এবং আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এতে তাঁদের সন্দেহ সৃষ্টি হলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেন নিহতের ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহতের ছেলে বাহার মিয়া কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানাকে এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন।
তিনি আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মামলায় উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

নিজস্ব প্রতিবেদক :