কুমিল্লা সিটি করপোরেশনের পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে নগরবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এর মধ্যেই সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে আবারও নগরপিতার দায়িত্বে দেখতে চান বলে আগ্রহ প্রকাশ করছেন নগরবাসীর একটি অংশ।
তাঁদের আলোচনায় বারবার ফিরে আসছে সাক্কুর মেয়র থাকাকালীন সময়ের কিছু নাগরিক অভিজ্ঞতা। বিশেষ করে হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নআয়ের মানুষ এবং সীমিত সামর্থ্যের বাড়ির মালিকদের প্রতি তাঁর প্রশাসনের তুলনামূলক সহনশীল মনোভাবের বিষয়টি আলোচনায় আসছে।
মনিরুল হক সাক্কু পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১২ ও ২০১৭ সালের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁর সমর্থকদের কাছে তিনি এখনো ‘গরিবের মেয়র’ হিসেবে পরিচিত।
নগরীর ফুটপাত ও সড়ককেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত হকারদের জীবিকা, বাড়ির হোল্ডিং ট্যাক্স এবং বিভিন্ন নাগরিক ব্যয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় রাখার বিষয়টি তাঁর মেয়াদকালের ইতিবাচক স্মৃতি হিসেবে তুলে ধরেন তাঁর সমর্থকেরা।
তাঁদের মতে, নগর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বোঝা জরুরি। শুধু বড় প্রকল্প নয়, একজন নিম্নআয়ের মানুষ যেন নিজের জীবিকা নির্বাহ করতে পারেন এবং বাড়ির কর পরিশোধ করতে গিয়ে অতিরিক্ত চাপে না পড়েন, সেটিও নগর পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ।
সাক্কুর রাজনৈতিক ও নির্বাচনী পথচলাও কুমিল্লার রাজনীতিতে আলোচিত। ২০২২ সালের সিটি নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি মেয়র পদে পরাজিত হন। পরবর্তী ২০২৪ সালের উপনির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সাক্কু জানিয়েছেন, তিনি সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত। ফলে আগামী নির্বাচন ঘিরে তাঁর রাজনৈতিক তৎপরতা ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আরও বেড়েছে।
তবে সাক্কুকে ঘিরে প্রত্যাশার পাশাপাশি নগরবাসীর সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নগরীর যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, বর্জ্য ব্যবস্থাপনা, হোল্ডিং ট্যাক্স এবং নাগরিক সেবার মান—এসব ক্ষেত্রে ভবিষ্যৎ মেয়রের পরিকল্পনা কী হবে, সেটিও ভোটারদের বিবেচনায় থাকবে।
কুমিল্লার নগরবাসীর একটি অংশের প্রত্যাশা, আগামী নির্বাচনে তাঁরা তাঁদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের কাছে পুরোনো অভিজ্ঞতা, নাগরিক সেবার স্মৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন প্রশ্ন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল কবে ঘোষণা হবে? কবে নগরবাসী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন মেয়র নির্বাচন করবেন? সেই অপেক্ষায় রয়েছেন নগরীর ভোটাররা।

নিজস্ব প্রতিবেদক :