ভূমি অফিসের তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ, জেলা প্রশাসকের অনুমোদনের অপেক্ষায় উচ্ছেদ কার্যক্রম
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল এলাকায় শতবর্ষী সরকারি পাকা রাস্তার জমি দখল করে বাউন্ডারি ওয়াল ও টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নায়েব আলীর বিরুদ্ধে। উপজেলা ভূমি অফিসের তদন্তে সরকারি রাস্তার জমি দখলের প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে উচ্ছেদ মামলা করেছে প্রশাসন। এরই মধ্যে উচ্ছেদ কার্যক্রম ঠেকাতে ভিন্ন দাগ ও খতিয়ানের ব্যক্তিগত জমির কাগজপত্র দেখিয়ে দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হোক।
১০-১৫ গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক
সরেজমিন ও উপজেলা ভূমি অফিসের নথিপত্র পর্যালোচনায় জানা যায়, দারোরা-কাজিয়াতল সুপার মার্কেট সড়কের অরার পুকুরপাড়ের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে যাওয়া রাস্তাটি কাজিয়াতলসহ আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ রাস্তা ব্যবহার করেন।
অভিযোগ রয়েছে, রাস্তার পাশের বাসিন্দা নায়েব আলী সরকারি রাস্তার একটি অংশ ভরাট করে বাউন্ডারি ওয়াল ও দোচালা টিনের ঘর নির্মাণ করেছেন। এতে প্রশস্ত রাস্তাটি সংকুচিত হয়ে বিপজ্জনক বাঁকে পরিণত হয়েছে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
ভূমি অফিসের তদন্তে সরকারি জমি দখলের তথ্য
জনদুর্ভোগ নিরসনে গত ২৭ জুলাই এলাকাবাসীর পক্ষ থেকে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার সরেজমিনে জমি পরিমাপ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে কাজিয়াতল মৌজার (জেএল নং-১৩৭) বি.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৫২৩ নম্বর দাগের রাস্তা শ্রেণির ০.০২০০ একর সরকারি জমি দখলের বিষয়টি উঠে আসে।
ভূমি অফিসের নির্দেশনা অনুযায়ী স্থাপনা সরিয়ে না নেওয়ায় গত ৫ নভেম্বর মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান নায়েব আলীর বিরুদ্ধে ‘উচ্ছেদ বিবিধ মামলা’ (নং-৫৬১/২০২৬-২৭) দায়ের করেন।
পরবর্তীতে গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের (রুটিন দায়িত্ব) কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদন ও উচ্ছেদ অভিযানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মূল নথি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।
উচ্ছেদ ঠেকাতে আদালতে দেওয়ানি মামলা
এদিকে প্রশাসনের উচ্ছেদ কার্যক্রমের প্রক্রিয়া শুরু হওয়ার পর নায়েব আলী মুরাদনগর সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা (নং-১৭৮/২০২৬) দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মামলার আরজিতে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ৪৫২৩ নম্বর দাগের জমির তথ্য উপস্থাপন না করে নিজের ব্যক্তিগত মালিকানাধীন বি.এস ১৫৪০ ও ১৫৪১ নম্বর খতিয়ানের ৪৪৮১ ও ৩৭৮৬ নম্বর দাগের জমির তথ্য তুলে ধরা হয়েছে। এতে সরকারি রাস্তার জমি নিয়ে বিরোধের পরিবর্তে ভিন্ন জমির বিরোধ হিসেবে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে তাঁদের দাবি।
এ ছাড়া সরকারি খাসজমি-সংক্রান্ত বিরোধে জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করার প্রয়োজনীয়তা থাকলেও মামলায় তাঁকে বিবাদী করা হয়নি বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এলজিইডির নির্মিত গ্রামীণ রাস্তাকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন দেখিয়ে ভুল দপ্তরকে বিবাদী করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব বিষয়ে আদালতের নথি ও সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্যের ভিত্তিতে চূড়ান্ত আইনি অবস্থান নির্ধারিত হবে।
অভিযোগকারীর বক্তব্য
অভিযোগকারী এলাকাবাসীর পক্ষে মো. কামাল হোসেন বলেন, “উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের মাপজোখে সরকারি রাস্তার জায়গা দখলের বিষয়টি প্রমাণিত হয়েছে এবং ডিসি অফিসে উচ্ছেদের ফাইল পাঠানো হয়েছে। এখন উচ্ছেদ ঠেকাতে নায়েব আলী মেম্বার নিজের ব্যক্তিগত দাগের কাগজ দেখিয়ে আদালতকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।”
অভিযুক্তের দাবি কী?
এ বিষয়ে অভিযুক্ত নায়েব আলীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তবে তাঁর দায়ের করা দেওয়ানি মামলার আরজিতে দাবি করা হয়েছে, ১৯৮৬ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তিনি নিজের জমিতে রাস্তা নির্মাণের সুযোগ দিয়েছিলেন। এর বিনিময়ে পাশের ডোবা শ্রেণির জমি ভোগদখল করছেন বলেও আরজিতে উল্লেখ করা হয়েছে।
ভূমি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রচলিত ভূমি আইন অনুসারে কোনো ব্যক্তি বা স্থানীয় জনপ্রতিনিধি মৌখিক সমঝোতা কিংবা সালিশের মাধ্যমে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমি বিনিময় বা হস্তান্তর করতে পারেন না।
জেলা প্রশাসকের অনুমোদনের অপেক্ষায় উচ্ছেদ কার্যক্রম
মুরাদনগর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উচ্ছেদ মামলার নথি বর্তমানে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তাটি দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রাস্তাটি দখলমুক্ত হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।

নিজস্ব প্রতিবেদক :