প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোটবাড়িতে কুবির শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিল। পথে কোটবাড়ি এলাকায় দুই ব্যক্তি একটি টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বাসটির দিকে নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাসচালক মো. শফিক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পর আতঙ্কিত শিক্ষার্থীরা বাস থেকে নেমে আসেন। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও বাসটি অক্ষত রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি জানান।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন