প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চাঁদা না দেওয়ার অভিযোগের জেরে ব্যাংক কর্মকর্তাকে হত্যা, ৫ দিন পর পুকুরে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, পাঁচ দিন আগে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর ওই ব্যাংকে গিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিফাতকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভাঙচুর করা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ছেলের কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় মানুষকে মারধর করত। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর ছেলেকে সজিব হত্যা করেছে। তিনি বলেন, চাঁদা না দেওয়ায় ঘটনার কয়েক দিন আগে তাঁর ছেলেকে মারধর করা হয়েছিল। এরপর থেকে তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পাঁচ দিন নিখোঁজ থাকার পর ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনি ভেঙে পড়েছেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সজিব নামে একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তিনি ওসির সঙ্গে কথা বলছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহের ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রিন্ট করুন