প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর অসুস্থ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতির কৃতি সন্তান, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলক ও জাতীয় রাজনীতির বর্ষীয়ান নেতা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ। তাঁর অসুস্থতার খবরে জন্মস্থান রামগতিসহ দেশের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আ স ম আবদুর রব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ছাত্র আন্দোলন ও জাতীয় রাজনীতির ইতিহাসে পরিচিত একটি নাম। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি। স্বাধীনতার আগে ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্র আন্দোলন থেকে জাতীয় নেতৃত্বে

আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব, যিনি আ স ম আবদুর রব নামে পরিচিত, ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলী আজ্জম এবং মাতার নাম মাজেদা খাতুন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে ছয় দফা, ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরে ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আ স ম আবদুর রবের নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ১৯৭১ সালের ২ মার্চের ঐতিহাসিক ঘটনার জন্য।

ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। দিনটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম সংগঠক ছিলেন তিনি। ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন আ স ম আবদুর রব।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জাসদ গঠন ও রাজনৈতিক সংগ্রাম

স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আ স ম আবদুর রব।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তাঁকে কারাবরণ ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ১৯৭৪ সালের ১৭ মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে তিনি গুলিবিদ্ধ হন এবং গ্রেপ্তার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান।

পরবর্তী সময়ে জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আদালতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। ১৯৭৯ সালে চিকিৎসার জন্য তাঁকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও মন্ত্রী

জাতীয় রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন আ স ম আবদুর রব। ১৯৮৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে, ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে এবং ১৯৯৬ সালে পুনরায় লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। পরে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তী সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতিতে দীর্ঘ অবদান রাখা এই বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে তাঁর জন্মভূমি রামগতির মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়ভাবে তাঁর সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করা হচ্ছে।

দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আ স ম আবদুর রবের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।

প্রিন্ট করুন