দীর্ঘদিন ধরে সনদের বৈধতা যাচাই ও স্থায়ী সনদ না পাওয়ার জটিলতায় ভুগছেন দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউনিক) থেকে ১৯৯৫ থেকে ২০০৬ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা। এবার তাদের সনদসংক্রান্ত জটিলতা নিরসনে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন।
গত ২৩ নভেম্বর ২০২৬ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ সোবহানের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ রুল জারি করেন।
রিট আবেদনে বলা হয়, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কুমিল্লা ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এসআরও-২৭৫-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমোদন বাতিল করে।
তবে ওই বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন নম্বর ১৬৭১/২০১৪-এর চূড়ান্ত রায়ে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট ২০০৬ সালের বন্ধের আদেশকে অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। রিট আবেদনে বলা হয়েছে, এর ফলে ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত কার্যক্রমের বৈধতা সুরক্ষিত হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৩ ও ২০১৬ সালে পৃথক দাপ্তরিক চিঠিতে ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ আইনসম্মত বলে স্বীকৃতি দিয়েছিল বলেও রিটে উল্লেখ করা হয়েছে।
কিন্তু বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর ওই সময়ের শিক্ষার্থীদের সনদ যাচাই এবং স্থায়ী সনদ প্রদানের জন্য কার্যকর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিকল্প কর্তৃপক্ষ গড়ে ওঠেনি। ফলে চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সনদ যাচাই করতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন সাবেক শিক্ষার্থীরা।
রিটে আরও বলা হয়, ২০২৪ সালের ২৮ নভেম্বর এবং ২০২৬ সালের ৬ জানুয়ারি ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি ও পত্রে ১৯৯৫–২০০৬ সময়কালের বৈধ সনদধারীদের পৃথকভাবে চিহ্নিত করা হয়নি। এতে অনুমোদিত সময়ে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও সনদ যাচাইয়ের ক্ষেত্রে জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছেন।
এ বিষয়ে গত কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে একাধিক আবেদন, লিগ্যাল নোটিশ এবং ডিমান্ড অব জাস্টিস নোটিশ পাঠানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় অ্যালামনাই ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।
রিট আবেদনে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৬ ও ৪০ অনুচ্ছেদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিকার চাওয়া হয়েছে।
প্রথমত, ১৯৯৫–২০০৬ সময়ে অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদকে ঢালাও অকার্যকরতার বিজ্ঞপ্তির আওতামুক্ত রেখে স্পষ্টীকরণ বা সম্পূরক বিজ্ঞপ্তি জারির নির্দেশনা। দ্বিতীয়ত, সাবেক শিক্ষার্থীদের সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানের জন্য বিকল্প প্রশাসনিক কাঠামো বা কর্তৃপক্ষ গঠন। তৃতীয়ত, এ বিষয়ে আবেদনকারীদের পূর্ববর্তী আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনা।
গত ২৩ নভেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে বিষয়টি আইনি পর্যালোচনার আওতায় আনেন। এখন সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা, আদালতের রুলের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এবং অনুমোদিত সময়ে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটদের চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে।
দৈনিক কুমিল্লার ডাক | সত্যের পথে, মানবতার পাশে

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী :