কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টার পর মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। তবে একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
সূত্র : স্থানীয় ও চৌদ্দগ্রাম থানা পুলিশের বক্তব্য।

নিজস্ব প্রতিবেদক :