কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে সকল প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রতীক পাওয়ার পর ভোটের দিন যতোই এগুচ্ছে, ততোই সরগরম হচ্ছে ভোটের মাঠ। হরেক রকমের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এবারের সিটি নির্বাচনের প্রচারণায় সবচেয়ে বেশী আকর্ষণ কাড়ছে খেলা হবে গান। প্রায় প্রতিটি প্রার্থীই তাদের মাইকিং এ ‘খেলা হবে’ গান দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এতে করে শহরের প্রতিটি অলিতে-গলিতে বেলা ২ টা বাজার পর থেকেই শোনা যাচ্ছে খেলা হবে গান। এই গান কুমিল্লা সিটি নির্বাচনে এতোটাই নজর কাড়ছে যে, খেলা হবে শব্দ ছাড়া যেন প্রার্থীদের প্রচারণায় ঘাটতি থেকে যায়! খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান কোনো এক নির্বাচনী সভায় প্রথম ‘খেলা হবে’ কথাটির উদ্ভাবন করেন। যা নেট দুনিয়া নাড়িয়ে দেয়। তাঁর এই “খেলা হবে’ কথাটি গোটা বাংলা ছাড়িয়ে প্রভাব ফেলেছে ওপার বাংলার রাজনীতির মাঠেও। গত বিধানসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী সভায় এক তরুণ ‘খেলা হবে’ কথা দিয়ে একটি গান তৈরি করেন। পরবর্তীতে মমতার সকল নির্বাচনী সভায় বক্তৃতার পরে আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়ায় ‘খেলা হবে’ গান। এই গান রীতিমতো হট্টগোল তৈরি করেছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। নেতাকর্মী এবং ভোটারদের উৎসাহিত করতে এই গান ব্যাপক সাড়া জাগিয়েছিল। সেই খেলা হবে গান এখন কুমিল্লার বাতাসেও বইতে শুরু করেছে। মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাইকিং এবং পথসভার অন্যতম প্রচারণা হয়ে দাঁড়িয়েছে ‘খেলা হবে’ গান। যা সাধারণ ভোটার এবং প্রার্থীর নেতাকর্মী এবং সমর্থকদের মনে উদ্দীপনা দিচ্ছে।

আরিফ আজগর :