কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে প্রচার প্রচরণা বেড়ে নির্বাচনী এলাকায় জুড়ে। প্রার্থীদের পক্ষে উচ্চস্বরে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে সৃষ্টি হয়েছে শব্দ দূষণ। এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সিটি কর্পোরেশনের আওতাধীন ২৪ নং ওয়ার্ডের পাশে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই এলাকায় দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫ মিনিট বিরতি দিয়ে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। ডাকঢোল, তবলা, সাউন্ড বক্স বাজিয়ে , জনসংযোগ করেছেন প্রার্থীরা। এতে অতিরিক্ত শব্দ দূষণের ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করছেন তারা।
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী দিবস সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, একটা বিশ্ববিদ্যালয়ের হলের পাশে দিয়ে সারাদিন যদি এভাবে মাইক বাজিয়ে প্রচারণা চালানো হয়, পড়াশোনাতো দূরে থাক রুমে সুস্থভাবে বসে থাকাও বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছে। অনেকের পরীক্ষা থাকে সাউন্ড এতোটাই তীব্র যে দরজা জানালা বন্ধ করেও একপ্রকার মাথা ধরে যায়! অথচ এই বিষয়গুলো দেখার মতো এই বিশ্ববিদ্যালয়ে কেও নেই!
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, আমি বিষয়টা এর আগে জানতাম না। এখন মাত্র জানলাম। আমি নির্বাচন কমিশনারের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচার- প্রাচরণা বন্ধ রাখতে তো আর বলতে পারবো না। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। কিন্তু কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, তাহলে তিনি নির্বাচনি বিধি লঙ্ঘণ করছেন। তা যদি আমাদের চোখে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ