কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আবু মোহাম্মদ নৌশাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত -শিবির সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়ার পক্ষে কাজ করায় সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়। মঙ্গলবার (৭ জুন) দুপুরে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আবু মোহাম্মদ নৌশাদ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত-শিবির সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন। গত ২৮ মে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের জরুরী সভায় সিদ্ধান্ত অনুযাযী সংগঠন থেকে তাকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে মহানগর আওয়ামী লীগ অফিসের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সভাকক্ষে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কাজী আবু মোহাম্মদ নৌশাদ এর সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। ০৭ জুন ২০২২ তারিখ থেকে কাজী আবু মোহাম্মদ নৌশাদ এর সংগঠন থেকে বহিষ্কারাদাশে কার্যকর হবে।
উল্লেখ্য, নগরীর ১ নং ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ছোটন ‘লাঠিম’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ‘মিষ্টি কুমড়া’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সদ্য সাবেক কাউন্সিলর মহানগর জামায়াত নেতা গোলাম কিবরিয়া। দুই প্রার্থীর কর্মী-সমর্থদের মাঝে নির্বাচনে প্রচারনার শুরু থেকে উত্তেজনা বিরাজ করে আসছে। অভিযোগের তীর ছুড়ছেন একে অপরের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক :