বিশ্ববিদ্যালয় এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশন গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে।
জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুরের শিকার হয় একাত্তর টেলিভিশনের সাংবাদিক পরিবহণের একটি মাইক্রোবাস। এসময় অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক একাত্তর টেলিভিশনের গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বললে এটিএম বুথের সামনে রাখেন গাড়ি চালক। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার সম্পৃক্ততার পাওয়া যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ এম নূর ঊদ্দীন হোসাইনের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
এদিকে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে হল শাখা ছাত্রলীগের স্বীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এছাড়া এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়। সোমবার মধ্যরাতে রাতে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি প্রদান করে।
এবিষয়ে জানতে চাইলে নূর ঊদ্দীন হোসাইন বলেন, আমি এমন কোন লিডার নয় যে নেতৃত্ব দিয়ে গাড়ি ভাঙচুর করব। আর আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আমাকে কেন অব্যাহতি দেয়া হয়েছে আমি জানি না।
এদিকে গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রলীগ। তদন্ত কমিটির সদস্যরা হলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রলীগ মেহেদী হাসান বিদ্যুৎ, মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশ। তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও প্রদান করা হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় আমরা তাকে অব্যাহতি দেই। বাকিটা পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ