একাত্তর টেলিভিশনের গাড়ি ভাংচুরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জুন) জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী পরিবহণ অবরোধ করেন তারা।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, একটি বেসরকারি টেলিভিশনের দাবির ভিত্তিতে একজন শিক্ষার্থীকে এভাবে বহিষ্কার করতে পারেনা। অথচ এই টিভি চ্যানেলটি বিশ্ববিদ্যালয় নিয়ে মিথ্যা নিউজ করেছি। তা নিয়ে প্রশাসন কোন ধরণের ব্যবস্থা করেনি। এভাবে গাড়ি ভাংচুরের অভিযোগ পেয়ে সন্দেহাতীতভাবে বহিষ্কার করতে করতে পারেনা। এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। নূর উদ্দিনের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন জোরালো করা হবে।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, একটি টেলিভিশন কয়েক ধাপে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়িয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন আইনি পদক্ষেপ নেয়নি বরং তাদের গাড়ি ভাংচুরের ঘটনায় সন্দেহাতীতভাবে সম্পৃক্ততার অভিযোগ এনে আমাদের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে ৭১ টেলিভিশনের গাড়ি ভাংচুরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নূর উদ্দিন হোসাইনকে সন্দেহাতীতভাবে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ