কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় চালকসহ অন্তত তিনজন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার শহিদনগর সোনালী আঁশ জুটমিল এলাকায় কুমিল্লা মুখি লেনে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন, বাতেন মিয়া (৬০), জীবন মিয়া (১৯) ও কামাল হোসেন (৫০)।
আহত পিক-আপ চালক জামালপুর সদর উপজেলার জীবন মিয়া(১৯) জানান, ঢাকা থেকে মালামাল নিয়ে তিতাস উপজেলার বাতাকান্দি যাওয়ার পথে শহিদনগরে ডাকাতের কবলে পড়ি। রাত পৌনে ২টার দিকে প্রথমে যানজট মনে করে গাড়ী থামিয়েছি। এরপরই ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত আমাকেসহ সামনে এবং পিছনে থাকা গাড়িতে লুটপাট চালায়। আমি তর্ক করায় আমার উপর হামলা করে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক ডাকাতির চেষ্টা হয়েছিল উল্লেখ করে বলেন, ‘সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়। তবে তিনি লুটপাটের ঘটনা অস্বীকার করেন।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :