প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বন্যার্তদের সহায়তায় কুমিল্লার ৬ যুবক সুনামগঞ্জে

নিজস্ব প্রতিবেদক :

বানভাসি মানুষদের সহায়তার জন্য কুমিল্লার ৬ যুবক নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সুনামগঞ্জে অবস্থান করছেন।

রোববার (১৯ জুন) রাত ৯টার দিকে বন্যার্তদের চলাচলের জন্য ১০টি নৌকা, জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ট্রাকে করে রওয়ানা হন। তারা সোমবার (২০ জুন) ভোর ৬টায় সুনামগঞ্জ গিয়ে পৌঁছান।

কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু ব্লাড ডাইভার্স নামক সংগঠনের কর্মী তারা সবাই। ওই সংগঠনের ব্যানারেই বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জ ছুটে গেলেন ৬ যুবক।

সংগঠনের কর্মী ইমরান হোসেন, আনোয়ার হোসেন, জামিল আহমেদ রাকিব, জয়নাল আবেদীন অভি, অংকন হাসান এবং উমায়ের আহমেদসহ ৬ জনের একটি টিম সুনামগঞ্জে বন্যার্তদের সহায়তা জন্য সেখানে অবস্থান করছেন।

সংগঠনটির মুখপাত্র জাপান প্রবাসী কেএম আমির হোসেন মুঠোফোনে ঢাকা পোস্টকে জানান, রংধনু ব্লাড ডাইভার্স প্রতিষ্ঠা থেকেই মানবিক কাজগুলো করে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুব নাজুক হওয়ায় সেখানকার মানুষের দুর্দশা দেখে সিদ্ধান্ত নেওয়া হয় সহায়তা করার।

তাই সংগঠনের ৬ কর্মীকে ১০টি নৌকা, খাবার স্যালাইন, ২ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি, মোমবাতি, দিয়াশলাইসহ, জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে পাঠানো হয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় যেসব এলাকায় খুব কম ত্রাণসামগ্রী যায়, সেসব এলাকায় সহযোগিতা করার জন্য বলা হয়েছে তাদের।

১০ টি নৌকা পাঠানো হয়েছে আশ্রয়ণ কেন্দ্রের মানুষের চলাচলের জন্য। এই সহায়তা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন