কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেছেন, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের সুনাগরিক হতে হবে। তাহলে টিচিং, লার্নিং এবং কমিউনিটি এংগেজমেন্টের বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার (২৩ জুন) আইন বিভাগের আয়োজনে তপন বিহারী নাগ ট্রাস্টের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রাস্টি তপন বিহারী নাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ট্রাস্টিরা একটি প্রত্যাশা নিয়ে তোমাদের কাছে আসে। আমি আসা করি তোমরা সেই প্রত্যাশা অনুযায়ী কৃতিত্বের স্বাক্ষর রাখবে। এসময় তিনি শিক্ষার্থীদের জন্য ৬ লক্ষ টাকা ফান্ডের আরেকটি মেধাবৃত্তির কথা জানান।
এদিন আইন বিভাগের প্রথম ব্যাচের বিদায় ও তপন বিহারী নাগ ট্রাস্টের বৃত্তিপ্রদান অনুষ্ঠান- ২০২২ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তপন বিহারী নাগ ট্রাস্টের উদ্যােগে ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান ও বিভাগের পক্ষ থেকে ৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, আইন অনুষদের ডিন (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ট্রাস্টি এডভোকেট তপন বিহারী নাগ (জি.পি) ও বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা চীফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ কেশব রায় চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
তপন বিহারী নাগ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের অনেক বড় জায়গায় যাবেন, সরকারি দপ্তরে যাবেন। আপনাদের কাছে অনুরোধ অন্তত ৫ বছর দেশের জন্য সেক্রিফাইস করবেন। দেশের মানুষের জন্য কাজ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী জজ কেশব রায় বলেন, অনেক গুলো গুণের সমন্বয়ে হয় একজন এডভোকেট। এরমধ্যে যোগ্যরা জজ। আর বেশি যোগ্যরা হয় এডভোকেট। কারণ এডভোকেটদের অনেক বেশি পড়তে হয়। বাংলাদেশের সব থেকে দক্ষ সিভিল ‘ল’ ইয়াররা হলেন কুমিল্লার। তোমরা এখানকার স্টুডেন্ট। তাই তোমাদের সবথেকে বেশি ভালো করার সুযোগ রয়েছে। আর আমার বিশ্বাস তোমরা তপন বিহারী নাগের এই বৃত্তিটাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ অক্টোবর তপন বিহারী নাগের ট্রাস্টির সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চুক্তি স্বাক্ষর হয়। যার অধীনে প্রতি বছর অনার্স (সম্মান/এলএলবি) রেজাল্টের ভিত্তিতে প্রথম দশজন শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদান করা হবে।

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ