প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা: কুবি কেন্দ্রে ‘এ’ ইউনিটে অনুপস্থিতি ৫%

এবিএস ফরহাদ, কুবি :

গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিতির হার মাত্র ৫.২৮ শতাংশ। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ থেকে ১টায় ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গুচ্ছ পদ্ধতিে ভর্তি পরীক্ষা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায় ভর্তিচ্ছুকদের মাঝে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটে ৯ হাজার ১১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৮৫৩৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৪.৭২ শতাংশ। ‘এ’ ইউনিটের আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি উপলক্ষে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে ট্রাফিকসহ আইন শৃঙ্খলা রক্ষায়। তাছাড়া সার্বিক নিরাপত্তার জন্য জেলা ম্যাজিস্ট্রেটও রয়েছে। পাশাপাশি রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ভোগান্তি বাড়ছে বলে মনে করেন পরীক্ষার্থীরা। তিশা নামের এক পরীক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় আমরা নিজের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবনা। এছাড়া ব্যবস্থাপনায় আরো সচেষ্ট হওয়ার প্রয়োজন ছিল।
এদিকে কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না এমন নির্দেশনা থাকলে কয়েকটি কেন্দ্রে ডিভাইস নিয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। পরে হল পরিদর্শন করে ডিভাইস উদ্ধার করে দায়িত্বরত শিক্ষকরা। জানা যায় কনিক্যাল ট্রেনিং সেন্ট্রার ও কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কেন্দ্রের সমন্বয়ক ড. মিজানুর রহমান বলেন, প্রধান ফটক দিয়ে পরিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশকালে পরিক্ষার্থীদের চাপে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। তখন কিছু পরিক্ষার্থী পুলিশ এবং বিএনসিসি কর্মীদের পাশ কেটে কেন্দ্রে ঢুকে পড়ে। তবে পরীক্ষা শুরুর পূর্বেই আমরা প্রতিটা কক্ষে গিয়ে তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস গুলো চেকিং দিয়ে উদ্ধার করি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্ট্রার, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ল্যাবরেটরি হাইস্কুল, বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও শালবন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটে এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন