কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যােগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সংগঠনটির নবীণ বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের নানা বিষয়ে আলোচনা করেন।
সংগঠনের সভাপতি কাজল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব এম তানভীর আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বঙ্গবন্ধুর জীবনী ও অসমাপ্ত আত্মজীবনীর নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করেনি, করেছে বাঙালিরাই। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের জন্য লজ্জার।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব এম তানভীর আহমেদ নবীন ও প্রবীণদের উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে শেখার সময় আর কর্মজীবন হচ্ছে প্রয়োগের। একাডেমিক লাইফ শেষ করে যারা কর্মজীবনে যাচ্ছেন তারা অবশ্যই নিজের সামর্থবুঝে আগাবেন।
এছাড়াও তিনি সামসময়িক নানান বিষয় নিয়ে শিক্ষার্থীদের মুক্ত চিন্তার অধিকারী হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য দৃঢ়প্রত্যয়ী হতে বলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় গনিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এম এ হাসান রনিসহ সংগঠনটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পরে অতিথি এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলা’ এই প্রত্যয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন গঠিত হয়।

এবিএস ফরহাদ, কুবি :