গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯১ দশমিক ৯৩ শতাংশ। এ পরীক্ষার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ২২ টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।
শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ৩ টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন কুবি কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার।
তিনি জানান, কুবির ৩টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৪ হাজার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্তিত ছিলেন ৩ হাজার ৭২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৯১.৯৩ শতাংশ। এছাড়া মাত্র ৩২৭ জন অনুপস্থিত ছিলেন। যা ৮.০৭ শতাংশ।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা অনেকগুলো হল পরিদর্শন করেছি, পরীক্ষা আগের দুটোর মতো আজকেও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
প্রশ্নপত্রের মানে ব্যাপারে তিনি বলেন, অন্যান্য পরীক্ষায় প্রশ্নপত্রে ফন্টের সমস্যা থাকলেও এবার এটা দেখা যায় নি। সর্বোপরি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ‘এ’ ইউনিটের এবং ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবিএস ফরহাদ, কুবি :