প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

জয়পুরহাটে এক বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নেপাল দাস (৩৫)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। তবে এ বিষয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে বলে তথ্য দিয়েছেন মরদেহের সঙ্গে থাকা বিজিবি সদস্যরা। কিন্তু বিষয়টি নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কেউ।

সূত্রে জানা গেছে, নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে তার নাম নেপাল দাস, ২০ বিজিবি সদস্য ও জয়পুরহাট হিসেবে লিপিবদ্ধ আছে।

এসময় তার রক্তাক্ত পোশাক দেখা গেছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা অ্যাম্বুলেন্স করে তার মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে গেছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল জরুরি বিভাগের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোয়াজ্জেম হোসেন সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে নেপাল দাস নামে এক বিজিবি সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রিন্ট করুন