সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয় বলেই বিএনপি আজ ক্ষমতায় নেই, তারা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তারা চেয়েছিলো কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে কিন্তু বাংলাদেশের জনগণ তা চায় নি। তারা ক্ষমতায় থেকে ভেবেছিলো তারা হত্যা নির্যাতন সব চালাবে। তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বর্তমান প্রধানমন্ত্রী সে সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিলো। কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয় নি।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ৬ দিনব্যাপি জেলা বইমেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব জোহরা খাতন। বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক শান্তিরঞ্জন ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে পরিবহন মালিকরা বিএনপির সমাবেশের সময় গাড়ি বন্ধ রাখেন। বিএনপি নানা সময়ে নানা অভিযোগ করে। কিন্তু সরকার তাদের সমাবেশে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। মূলত আন্দোলনের নামে বিএনপির জ্বালাও-পোড়াও এবং ভাংচুরের নীতির কারণে পরিবহন মালিকরা রাস্তায় গাড়ি বের করতে সাহস পায় না। এটি তাদেরই ইচ্ছা। এতে সরকারের কোনো ইন্দন নেই, আমাদের সমিতিরও কোনো হাত নেই। এটি মালিক পক্ষ, শ্রমিক পক্ষের সিদ্ধান্ত। তাদের নৈরাজ্যের কারণেই মূলত বিএনপির সমাবেশের সময় পরিবহন মালিকরা গাড়ি বের করার সাহস পায় না।
সূত্র : কুমিল্লার কাগজ

অনলাইন ডেস্ক :