কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার মাত্র তিন দিন বাকি। আগামী শনিবার টাউন হল মাঠে এ সমাবেশ হবে। সমাবেশ সফল করতে মাঠ পর্যায়ে চলছে বিরামহীন প্রচার। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে লাখো নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন।
এরই মধ্যে সোমবার সকাল থেকে টাউন হল মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। মাঠের চারপাশের ভবন ছাড়াও নগরীর সব রাস্তা ও ভবন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। দলের শীর্ষ নেতাদের স্বাগত জানিয়ে এসব ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে।
সকালে টাউন হল সমাবেশস্থল পরিদর্শন করেন দলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ নেতারা। পরে তাঁরা নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান এবং শওকত আলী বকুল।
বিএনপি নেতা মোস্তাক মিয়া বলেন, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নগরীর প্রতিটি পয়েন্টে মাইক থাকবে। এ ছাড়া অন্তত আটটি স্থানে বড় পর্দায় সরাসরি সমাবেশের কার্যক্রম দেখা ও বক্তব্য শোনার ব্যবস্থা রাখা হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা- বৃহত্তর কুমিল্লা অঞ্চলে দলের সর্বস্তরের নেতাকর্মী সমাবেশে আসবেন; এ টাউন হলের সমাবেশ হবে স্মরণকালের বড় সমাবেশ। সরকার সমর্থক পরিবহন নেতারা দু’দিন আগেই হরতাল দিতে পারেন, এমন ধারণা নিয়ে বৃহস্পতিবার থেকে নেতাকর্মীকে সমাবেশস্থলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সিটি নির্বাচনে অংশ নেওয়া সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও অপর মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারও সমাবেশ সফল করতে কর্মী-সমর্থকদের নিয়ে নগরীতে প্রচার চালান।

অনলাইন ডেস্ক :