সালাউদ্দিন-অনামিকার সংসার ১৫ বছরের। তবে প্রায়ই নির্যাতন আর অত্যাচার সইতে হয় দিনমজুর স্বামীকে। কিন্তু ছেলের কথা ভেবে সবকিছু সয়ে যান। এর মধ্যেই পরকীয়ায় জড়ান স্ত্রী। স্বামী না থাকলেই প্রেমিকের সঙ্গে কাটান একান্ত সময়।
শুক্রবার রাতেও ঘরে ছিলেন না সালাউদ্দিন। এ সুযোগ হাত ছাড় করেননি অনামিকা। মুঠোফোনে ডেকে নেন প্রেমিককে। একসঙ্গেই কাটিয়ে দেন রাত। ভোর হতেই ঘরে ফিরে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন স্বামী। আর এতেই ঘটে বিপত্তি। কিছু বলার আগেই স্ত্রীর হাতে মার খেতে হলো বেচারা স্বামীকে।
ঘটনাটি বরিশালের গৌরনদীর। শনিবার ভোরে উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। সালাউদ্দিন রাঢ়ী একই গ্রামের আব্দুর রব রাঢ়ীর ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
চিকিৎসাধীন সালাউদ্দিন বলেন, শুক্রবার রাতে ঘরে ছিলাম না। এ সুযোগে পরকীয়া প্রেমিককে ঘরে ডেকে নেন আমার স্ত্রী অনামিকা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘরে ফিরে দুজনকে হাতেনাতে ধরে ফেলি। পরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান স্ত্রীর প্রেমিক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে পিটিয়ে আহত করেন স্ত্রী।
তিনি আরো বলেন, ১৫ বছরের দাম্পত্য জীবনে একমাত্র ছেলের কথা ভেবে স্ত্রীর অনেক অত্যাচার সহ্য করেছি। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দীন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন ডেস্ক :