প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক :

১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, এই জন্য নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের প্রতিটি মোড়ে চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ। মহাসড়ক ধরে চলাচলরত ঢাকাগামী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশি চালানো হচ্ছে। এতে মহাসড়কের মোড়ে মোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

এ ছাড়া শহরের রেলস্টেশন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে নরসিংদী বাসস্ট্যান্ড থেকে দুই একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে, যাত্রী সংখ্যা ছিল কম।

এদিকে এসব চেকপোস্টের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী, ব্যবসায়ীসহ শিক্ষার্থীরা। তারা বলেছেন, ভোর থেকেই মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

প্রতিটি বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক, কাভার্ডভ্যান ও মোটর সাইকেল থামিয়ে চেক করা হচ্ছে।

এতে ঘন্টার পর ঘন্টা সড়কেই বসে থাকতে হচ্ছে। কখনো কখনো দীর্ঘ সময়ের জন্য সকল ধরণের যানবাহন থামিয়ে রাখা হচ্ছে। অনেক রাস্তা হেঁটেই যেতে হচ্ছে।

বিএনপির সমাবেশের জন্য আমরা কেন ভোগান্তিতে পড়ব। ১০ ডিসেম্বর দুপুর পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা এসব চেকপোস্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন