কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দৌলতপুর-কোরবানপুর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন আছিম পাটুলি ইউনিয়নের বাশদি এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৯), একই এলাকার মোঃ ইমান আলীর ছেলে মোঃ আবুল কাশেম (৩২)।
পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থেকে বাঞ্চারামপুরের উদ্দেশ্যে একটি সাদা রংয়ের প্রাইভেট কার যোগে মাদকের চালান সড়কপথে বাঙ্গরা হয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় আগত দৌলতপুর সড়কের কোরবানপুর এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে গতিরোধ করলে গাড়ী থামিয়ে দ্রুত চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার পথে দুইজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে ঢাকা মেট্রো-খ-১১-৮০২৯ নম্বরের সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।

রায়হান চৌধুরী (কুমিল্লা) মুরাদনগর :