শহীদ বুদ্ধিজীবীদের চেতনা দেশে এখনও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, দেশে গণতন্ত্র নেই ও আইনের শাসন নেই। তাই শহীদদের চেতনা বাস্তবায়নই লক্ষ্য বিএনপির। আজ সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা মোশাররফ বলেন, ‘আমাদের দলে যে পরিমাণ মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃত্বে আছেন, তাদের মধ্যেও এমন দেখাতে পারবেন না। জিয়াউর রহমানের দল পাকিস্তানি ভাবধারায় ফেরত যেতে চায় এ কথা বললে আমার মনে হয় কেউ বিশ্বাস করবে না। সরকার যেমন বিভিন্ন বিষয়ে চাপাবাজি করছে, আমার মনে হয় এটাও সেই চাপাবাজির অংশ।
তিনি বলেন, সরকার ইতিহাসকে বিকৃত করছে। আমার মনে হয় এটাও তারই অংশ। ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিয়ে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এই বাংলাদেশের জন্য এ দেশের মুক্তিযোদ্ধভরা যুদ্ধ করেছে ও শহীদ হয়েছে। গুটিকয়েক লোক ছাড়া এ দেশের মুক্তিযুদ্ধকে এ দেশের মানুষ সমর্থন করেছে; মা-বোনেরা নির্যাতিত হয়েছে।
সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই।
‘আজকে বাংলাদেশের গণতন্ত্র নেই। মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম রাখা যায়, সেটা রাখা। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। এমন অবস্থায় বিদেশে টাকা পাচার হচ্ছে। এসব জায়গায় আমরা বাংলাদেশকে টেক ব্যাক করতে চাই। মুক্তিযুদ্ধ আমাদের দেশের মানুষ যে কারণে করেছে, আমরা সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখানে সরকার জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারকে গায়েব করে দিয়ে ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চায়।

অনলাইন ডেস্ক :