কুমিল্লায় যাত্রী তোলা নিয়ে হাতা-হাতির পর মো. জনি মিয়া (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে নগরীর রাজগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জনি নগরীর মুরাদপুর এলাকার জামাল মিয়ার ছেলে। অভিযুক্তের নাম আব্দুল হালিম।
পেশায় সিএনজি অটোরিকশা চালাক।
স্থানীয়রা জানায়, সকালে নগরীর রাজগঞ্জ মোড়ে যাত্রী তোলা নিয়ে জনির সঙ্গে হালিমের হাতাহাতি হয়।
পরে বাসায় গিয়ে বুকে ব্যথা অনুভব করলে জনিকে একটি প্রাইভেট হাসপাতালে নেন স্বজনরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হালিমের সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর চালান অন্য চালকরা। তবে হালিম পালিয়ে যান।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্তের পরে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

নিজস্ব প্রতিবেদক :