প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আমাকে কঠিন দায়িত্ব পালন করতে হবে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ এখন একটা প্রতিকূল পরিবেশে সাঁতার কাটছে। দায়িত্ব নেওয়ার পর এই প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ শুরু করতে হবে। আমাকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। সেগুলো মোকাবিলা করাই আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে। সামনে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করারও কঠিন দায়িত্ব আমার ওপর।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
দলের কিছু নেতার সমালোচনা করে তিনি বলেন, দলে পদ পাওয়ার জন্য অনেকে আমার কাছে এমনভাবে কান্নাকাটি করছেন, মনে হচ্ছে পদ পাওয়াই তাদের জন্য সবকিছু। সেজন্য আজকের দিনটা আমার জন্য খুব চাপের।

বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন মোকাবিলা করার সক্ষমতা আওয়ামী লীগের আছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর; তারা এখনও ষড়যন্ত্র করছে। এটাকে মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের এত অর্জনে ঈর্ষান্বিত হয়ে যারা সমালোচনা করছেন, তারা দেশের ভালো চান না। এই কয়েক বছরে সরকারের অনেক অর্জন হয়েছে। এটা নিতে পারেন না অনেকে। তিনি বলেন, মন্ত্রী হিসেবে আমি কোনো দুই নম্বর কাজ করি না। আমি কোনো পার্সেন্টেজ খাই না। তাই মন্ত্রণালয়ে কাজ না করলে কেউ আমার কাছে প্রশ্রয় পায় না।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণকাজের কথা তুলে ধরে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আগামী বছর এমআরটি লাইনের কাজ পুরোপুরি শেষ হবে। এরপর কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার পাতাল রেলের কাজ শুরু হবে। বঙ্গবন্ধু টানেলের কাজও শেষ পর্যায়ে বলে জানান তিনি।

প্রিন্ট করুন