মোবাইল ফোনে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয় তরুণের। মোবাইল ফোনেই প্রেম। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে দেখা করার কথা বলে ডেকে আনা হয়। এরপর ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। এই ঘটনায় অসুস্থ কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ধর্ষণের পর পলাতক কথিত প্রেমিক ও তার বন্ধু। গত শনিবার রাতে সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা শাখারপাড় ব্রিজের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ওই ধর্ষিতা। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় রাজৈর উপজেলার বিশ্বম্বরদী এলাকার হাসান (১৮) নামের এক তরুণের সঙ্গে। শনিবার বিকেলে মেয়েটি নানি বাড়ি যাওয়ার পথে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজৈর উপজেলার শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান। এ সময় হাসানের সাথে ছিল তার বন্ধু রাব্বি।
দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে জোর করে শাখারপাড় ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে হাসান ও রাব্বি পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেছে কিশোরী। একাধিকবার ধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন রাত ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে ভুক্তভোগী ও তার স্বজনরা। তবে, পুলিশ বলছে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি সহযোগিতা দেয়া হবে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

অনলাইন ডেস্ক :