প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

৬ দালালকে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ জন দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল সকাল পৌনে ১১টায় হাসপাতালের ষষ্ঠতলার ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মীরসরাই থানার ঠাকুরদিঘী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নূর হোসেন (৩৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজীয়াতলের মো. মজিবুর রহমান সরকারের ছেলে মো. মহসিন সরকার (২৩), কক্সবাজার সদরের কুতুবদিয়াপাড়ার বদিউল আলমের ছেলে মো. শফিউল বশর (১৯), পাঁচলাইশ থানা এলাকার ইমরানুল আলমের ছেলে ইরফানুল আলম তুষার (২৪), বায়েজিদ থানা এলাকার বিষু ধরের ছেলে জয় ধর (২৪) ও একই এলাকার রতন সরকারের ছেলে ইমন সরকার (২৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে ৬ দালালকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কর্তৃপক্ষ নিয়মিত দালাল ধরে পুলিশে দিলেও চমেক হাসপাতালে কমছে না দালালদের দৌরাত্ম্য। দেশের প্রচলিত আইনে এ অপরাধের (দালালি) নির্দিষ্ট ধারা না থাকায় মামলা দায়ের করার সুযোগ থাকে না। ফলে শুধুমাত্র অভিযোগ দাখিল করে আদালতে পাঠানো হয় দালালদের। জরিমানা দিয়ে জামিন পাওয়ার পর তারা হাসপাতালে এসে আবার প্রতারণায় জড়িয়ে পড়ে।

প্রিন্ট করুন