বৈশ্বিক মহামারী করোনাকালে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জানাজা, কাফন-দাফনের ব্যবস্থাসহ কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতা করে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা কুমিল্লার মানবিক সংগঠন বিবেকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির তিন বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার কুমিল্লার ফানটাউনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের।
বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্ট নাগরিক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক নীতিশ সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, বর্তমান সাধারণ সম্পাদক সাঈয়িদ মাহমুদ পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সহিদুল হক স্বপন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিবেক এমন একটি সময় আত্মপ্রকাশ করেছে, যখন সন্তান মা বাবাকে রেখে দূরে চলে গেছে। করোনায় মৃতদের লাশ দাফনে স্বজনরা পাশে ছিলো না। সেবা করার জন্য মানুষের পাশে মানুষ ছিলো না। ঠিক সে সময় বিবেক সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে এদের পাশে দাড়িয়েছে।
সভাপতির বক্তব্যে বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, আর্ত মানবতার সেবায় বিবেকের জন্ম। বিবেক নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছি, এতিমখানা করেছি।
আমার স্বপ্ন বিবেক হাসপাতাল তৈরি করা। আমার বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে, সে ডাক্তার হয়ে এ হাসপাতাল পরিচালনা করবে। কুমিল্লার মানুষের ভালো মন্দের সহযাত্রী হতে চাই আমরা। যে কোন প্রয়োজনে বিবেককে পাশে পাবেন।
২০২০ সালে করোনাকালীণ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত মানুষের লাশ দাফন করে মানবিক সাহসী ও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই বিবেক সংগঠনটি।
সভা পরিচালনা করেন সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।
এসময় কুমিল্লায় কর্মরত সাংবাদিক, বিবেকের সদস্য, মাদ্রসার শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :