কুমিল্লা সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের খেতাসার এলাকা থেকে ৯ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) বিকেল ৫টার দিকে খেতাসার এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফাঁড়ির পুলিশ। নিহত শিশুটির নাম আবদুল করিম। তার পিতা হুমায়ূন কবির প্রবাসে থাকেন। মায়ের সাথে খেতাসার এলাকার ভাড়া বাসায় থাকতো শিশু করিম। বিকেলে বাসার খাটের নিচে শিশুর মরদেহ দেখতে পায় শিশুর মা। তবে কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনো বিতারিত জানা যায় নি। এবিষয়ে জানতে জানতে শিশুটির মা ইতি আক্তারকে ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কুমিল্লা কোতয়ালি থানাধীন ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে খেতাসার এলাকার ভাড়া বাসা থেকে আমরা করিমের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও তথ্য জানতে করিমের মা ইতিকে ফাঁড়িতে আনা হয়েছে। ধরনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এবিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি।
নিহতের মা, প্রতিবেশী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত কয়েকমাস আগে প্রবাসীর স্ত্রী’র বোনের ছেলে রাফি (১৭) নামে পিতামাতাহীন এক কিশোর কে নিয়ে আসে খালার বাসায়। পিতামাতা ও ঠিকানাহীন ঐ কিশোরকে সন্তানের মতই লালন পালন করতে থাকে প্রবাসীর পত্নী । পালকপুত্র রাব্বি প্রবাসীর স্ত্রীকে মা বলেই ডাকতো বলেও জানা যায়। ঘটনার দিন দুপুরে পারিবারিক কাজে ছেলে করিম ও রাফি কে বাসায় রেখে বাইরে যায় সে। বিকেলে বাড়িতে এসে ছেলে করিম কে বাসায় না দেখে রাফিকে বলেন করিম কে খুঁজে আনার জন্য। রাফি করিম কে খোঁজার জন্য বেরিয়ে যায়, একপর্যায়ে ঘরের খাটের নিচে করিমের মরদেহ দেখতে পান। ছেলের লাশ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ ঘটনার পর থেকেই পালকপুত্র রাফি পলাতক রয়েছে। নিহতের মা আরো জানায়, পলাতক রাফির কিছু ছবি ফোনে ছিলো। কোন এক সময় তার অজ্ঞাতেই মোবাইল থেকে ছবিগুলো ডিলিট করে দিয়েছে। এলাকাবাসী ও পুলিশের ধারনা পালকপত্র রাফিকে আটক করা গেলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। পলাতক রাফি কে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান পুলিশ।

নিজস্ব প্রতিবেদক :