প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আরো তিনদিন গ্যাস সরবরাহ বিঘ্নিত থাকবে

তানভীর দিপু :

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় আরো তিন দিন গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার।

সোমবার সন্ধ্যায় তিনি বলেন, আগামী বৃহষ্পতিবার নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রবিবার থেকে এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমগ্র কুমিল্লা, ফেনী ও চাঁদপুর জেলায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

তিনি আরো বলেন, আবাসিক এলাকায় সীমিত পরিসরে হলেও গ্যাস সরবরাহ রাখতে মহাসড়কের ময়নামতি থেকে মিয়াবাজার এলাকার বিভিন্ন প্লান্টগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আবাসিক এলাকাগুলোতে কিছুটা হলেও আমরা গ্যাস দিতে পারছি। চাপ কম থাকায় অনেক এলাকা গ্যাস পাচ্ছে না। এজন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

ঘুর্ণিঝড় মোখার প্রভাবের কারণে গত শনিবার বাখরাবাদ কর্তৃপক্ষ বিশেষ জরুরি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এফএসআরইউ থেকে এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমগ্র কুমিল্লা, ফেনী ও চাঁদপুর জেলায় গ্যাসের স্বল্পচাপ ও কোনো কোনো এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে। ছয়-সাত দিন এ অবস্থা বিরাজমান থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় রবিবার ও সোমবার দুই দিন ধরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে । কোন কোন এলাকাতে অল্প সময়ের জন্য গ্যাস মিললেও কোথাও কোথাও একেবারেই জ্বলছে না চুলা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলেও কেউ কেউ তাঁরা হোটেল-রেস্তোরাঁ বা বিকল্প ব্যবস্থায় খাবার এনে খাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বাগিচাগাঁও, অশোকতলা, মুরাদপুর, হাউজিং এস্টেট, টমছমব্রীজ, কুচাইতলীসহ বিভিন্ন এলাকায় শনিবার বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। চুলায় গ্যাসের চাপ না থাকায় গৃহিণীরা খাবার তৈরি করতে পারছেন না।

রোববারও একই অবস্থা। এতে হাজার হাজার গ্রাহক গ্যাস–সংকটে পড়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়া হাজার রোগীর রান্না করা হয়েছে লাকড়ির চুলায়।

কুমিল্লা মেডিকেল করেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকি বলেন, আমাদের প্রতিদিনই এক হাজার থেকে বারো শ’ রোগীর খাবার সরবরাহ করতে হয়। গ্যাস না থাকায় হাসপাতালের সামনে লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। কিছু করার নাই- রোগীর খাবার তো কোন ভাবেই বন্ধ রাখা যাবে না। আমরা বিকল্প ব্যবস্থাতেই চুলা জ্বালাচ্ছি।

হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রাশেদুল হাসান ফরহাদ বলেন, রবিবার সকাল থেকেই লাইনের গ্যাস নাই। বাসায় সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। কবে নাগাদ যে পরিস্থিতি ঠিক হবে বুঝতে পারছি না।

নগরীর ছোটরা তোয়া হাউজিং এলাকার বাসিন্দা কোহিনূর আক্তার বলেন, আমাদের এলাকায় গ্যাসের চাপ খুবই কম। অনেক বেশি সময় ধরে রান্না করতে হচ্ছে। টমছমব্রীজ এলাকায় একেবারে গ্যাস না থাকায় আমার বোনের পরিবার চলে এসেছে আমাদের বাসায়।

হযরতপাড়া এলাকার হোটেল ব্যবসায়ি মনির হোসেন বলেন, বাসা-বাড়িতে গ্যাস না থাকায় হোটেলে চাপ পড়েছে। সবাই কিনে কিনে খাবার নিয়ে যাচ্ছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, ‘আমরা এ বিষয়ে গ্রাহকদের জানিয়েছি। নগরে মাইকিং করা হয়েছে। পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। আমরা এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

প্রিন্ট করুন