কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিদ্যুৎ-সংযোগ বন্ধ রেখে আন্দোলনের নামে গ্রাহকদের ভোগান্তি দেওয়া, রাষ্ট্রবিরোধী আচরণ ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তা শুক্রবার চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিল্টন ঘোষ মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের সহিদুল ইসলাম (২৬), চাঁদপুরের নূর মোহাম্মদ (২৮), চট্টগ্রামের ফয়সাল চৌধুরী (৩৭), নারায়ণগঞ্জের তানভীর আহমেদ (৩৩) এবং ময়মনসিংহের মিজানুর রহমান (৩০)। তাঁরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা ও কর্মচারী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে আন্দোলন করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীরা। এতে লক্ষাধিক গ্রাহক ভোগান্তির শিকার হন। সন্ধ্যার পর দ্বিতীয় দফা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন চলাকালে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন। যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
কুমিল্লা জেলায় মোট পল্লী বিদ্যুতের ৪টি সমিতির মাধ্যমে ১৭টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বৃহস্পতিবার সব কটি সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে আন্দোলন করেন। তবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীরা দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

নিজস্ব প্রতিবেদক :