প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ভূয়া রশিদ দিয়ে চাঁদা আদায়ের সময় ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা নগরীর সিটি কর্পোরেশনের রশিদ ব্যবহার করে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে সেনাবাহিনী ১ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৬ অক্টোবর) ২৩ বীর সেনাবাহিনীর ক্যাপ্টেন রাকিন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে নগদ টাকা এবং সিটি কর্পোরেশন অনুমোদিত ভুয়া রশিদ বহি জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, কুমিল্লা নগরীর চকবাজার থেকে তেলিকোনা ও জাঙ্গালিয়া বাসট্যান্ড থেকে টমছমব্রীজ সড়কের উপর অবস্থান করে বাস, মিনিবাস, মিনি ট্রাক, ইজিবাইক, মিশুকসহ যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চালকদের হত্যার ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করা হচ্ছিল। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জাঙ্গালিয়া বাসট্যান্ড সড়কে চাঁদা নেয়ার সময় ১ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে সেনাবাহিনী টহল দল।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কুমিল্লা সদর দৌলতপুর গ্রামের মান্নানের পুত্র মোঃ জুলহাস (২৪)। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ২/৩ জন চাঁদাবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ৩টি, সীল প্যাড ২টি, গোলাপি ও হলুদ রঙের চাঁদা আদায়ের ভুয়া ৩৫টি রশিদ বই জব্দ করা হয়। পরবর্তীতে চাঁদাবাজকে সদর দক্ষিণ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছে।

প্রিন্ট করুন