কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর ও সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্গন করে ভারত সরকার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ২০৮৫ নাম্বার পিলারে সীমান্তের নিকট বসবাসরত বাংলাদেশীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, ফলে কুমিল্লার সীমান্তের এই দুই এলাকার সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন অভিযোগটি অস্বীকার করে বলেন, তারা ভারত সরকারের অনুমতি নিয়ে কাঁটাতারের কাজ করছে এবং কোন হুমকি-ভয়ভীতির বিষয় শোনেননি। শনিবার (১১ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়, ওই দুই সীমান্ত ঘেঁষা সাধারণ মানুষ ভয়ে জীবন যাপন করছে।
জানা যায়, মুল কাঁটাতারের কাছেই সকল সরঞ্জাম এনে রাখা হয়েছে। এ নিয়ে সীমান্ত এলাকার বাংলাদেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলেও বিজিবি বলছে, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এক স্তরের কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যা ভারত বাস্তবায়ন করছে।
সীমান্ত এলাকায় সরেজমিনে গেলে কয়েকজন ভারতীয় নাগরিক জানান, তারা ভারতীয় নাগরিক হওয়ার পরও অনেকটা সুবিধা বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন। কাঁটাতারের বেড়া থাকায় তাদের জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ভেতরে প্রবেশ করতে হয়, নতুবা বিএসএফ গেইট বন্ধ করে দেয়। নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ হলে মূল গেইট উন্মুক্ত করা হবে, যা তাদের সুবিধা প্রদান করবে।
বাংলাদেশীরা বলেছেন, বিএসএফ বাংলাদেশের সীমানায় এসে তাদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, ফলে তারা ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। আন্তর্জাতিক সীমান্তে নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন আছে। ভারতীয় পক্ষ সেই আইনের ব্যত্যয় ঘটিয়ে শূন্য রেখা থেকেই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে।
কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারত-বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠকে ১৫০ গজের ভেতরে যে সব ভারতীয় নাগরিক অবস্থান করছেন, তাদের আলাদা করার সিদ্ধান্ত হয়েছে। সীমান্তে এক স্তরের কাঁটাতারের বেড়া নির্মাণ হলে মাদক চোরাচালানও কমবে বলে তিনি জানান।

মোঃ সওদাগর হোসেন :