বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মাটিতে আর ফ্যাসীবাদের উত্থান হতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগকে একটি অভিশপ্ত দল হিসেবে উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, লুটপাট, এবং নির্যাতনের অভিযোগ তোলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আওয়ামী লীগ অবৈধভাবে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো এবং বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। তাদের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন সাধারণ মানুষ।” তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, “এতো উন্নয়নের রোলমডেল হলে দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ কখনো দেশ ছেড়ে পালাননি। মূলত আওয়ামী লীগকে পালাতে হয়েছে নিজেদের অপকর্মের কারণে।”
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। যাকে তাকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে এবং জুলাই-আগস্ট এর আন্দোলনে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
মাওলানা রফিকুল ইসলাম খান প্রশাসনের ফ্যাসীবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবি জানান। এছাড়াও তিনি স্বচ্ছ ভোটার তালিকা ও প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার দাবি করেন।
শনিবার ১০টায় কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুরাদনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু নছর মুহাম্মদ ইলইয়াসের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সভাপতি ও সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
দীর্ঘ ১৬ বছর পর মুরাদনগরে জামায়াতের কর্মী সমাবেশ হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিলেন। সকাল ৯টায় সম্মেলন শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের পাদচারণায় মুখর হয় ডিআর উচ্চ বিদ্যালয় মাঠ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির আব্দুল মতিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ডা. মোহাম্মদ তফাজ্জল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বাঙ্গরা বাজার থানা আমির মাষ্টার আব্দুর রহিম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ইউসুফ সোহেল, অধ্যক্ষ আব্দুস সামাদ, শিবিরের কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি শাকিল আহমেদ, মাওলানা আবু বক্কর।
প্রধান বক্তা অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী শক্তিকে দমন করার জন্য আয়নাঘর তৈরি করেছিলো যা পৃথিবীর ইতিহাসে বিরল। খুনিদের দল আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে হবে। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে চলে না।”
তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিচারিক হত্যার বিরুদ্ধে পুনঃ তদন্ত দাবি করেন এবং আগামীতে ইসলামী শক্তির পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি মুরাদনগরে উন্নয়নের অভাবের অভিযোগ তুলে সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক :