প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে গাছের সাথে ঝুলন্ত লাশ : রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে তৈয়ব আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বসতঘরের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তৈয়ব আলী দীর্ঘদিন ধরে রাঙ্গামাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, গত ১৫ ফেব্রুয়ারি তার ছেলে আবদুল করিম জনি পাশ্ববর্তী নোয়াপাড়া গ্রামের এরশাদ মিয়ার মেয়ে মাইমুনা সুলতানা লুভনাকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর লুভনার পরিবার থানায় অভিযোগ দায়ের করে এবং তাদের মেয়েকে দ্রুত ফিরিয়ে না দিলে হত্যাসহ গ্রাম ছাড়ার হুমকি দেয়। রহিমা বলেন, “মঙ্গলবার সকাল থেকে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন এবং রাতে বাড়ির পাশের বাগানে অবস্থান করেন। বুধবার সকালে আম গাছের ডালের সাথে গামছা পেছানো অবস্থায় তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

পারিবারিক ও স্থানীয় প্রতিক্রিয়া

মাইমুনার মা মনোয়ারা বেগম জানান, তার মেয়ে লুভনাকে নিয়ে তৈয়ব আলীর ছেলে আবদুল করিম জনি পালিয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, তিনি দাবি করেন, “আত্মীয় স্বজন পুলিশ নিয়ে তাদের বাড়িতে গিয়েছি, তবে কাউকে হুমকি ধমকি দেইনি।”

গ্রামবাসীর প্রতিক্রিয়া

রাঙ্গামাটিয়া গ্রামের রাশেদুল ইসলাম এবং মোহাম্মদ আলী জানান, মেয়ের পক্ষের লোকজন পুলিশ নিয়ে তৈয়ব আলীর পরিবারকে হুমকি ধমকি দেয়, যার ফলে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন। মোহাম্মদ আলী আরও জানান, “মেয়ের চাচাসহ পুলিশ এসে তৈয়ব আলীর হাত ধরে টানাটানি করে এবং গ্রামবাসীর প্রতিবাদে দুইদিনের সময় দিয়ে যায়। হতাশাগ্রস্ত তৈয়ব আলী আজকের মৃত্যুকে কেউ মেনে নিতে পারছে না। তবে, এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করে বের করা উচিত।”

পুলিশের বক্তব্য

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “তৈয়ব আলী নামের একজনের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

প্রিন্ট করুন