প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি  ‘সাহা মেডিকেল হল’কে  ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার ডাক প্রতিনিধি।।

কুমিল্লার ডাক প্রতিনিধি ॥

মাত্র ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার একটি মেডিকেল হলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।

অভিযান চলাকালে রাজগঞ্জ বাজার এলাকার “সাহ মেডিকেল হল” নামক প্রতিষ্ঠানটিতে এক রোগীর কাছ থেকে ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও দোকানটিতে নানা অনিয়মও ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমাদের এই নিয়মিত অভিযান। জনগণের অভিযোগের ভিত্তিতে বা নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন কার্যক্রমে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট করুন