প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কলকাতায় আটক সাবেক এমপি বাহার ও কন্যা সূচনা

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, একরাত আটক থাকার পর পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

 

শনিবার রাতে কলকাতার রাজারহাট থানার পুলিশ তাদের আটক করে। সূত্র অনুযায়ী, রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে—বিশেষ করে আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে—তাদের মুক্তি নিশ্চিত হয়।

 

বাহার ও সূচনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, বাংলাদেশে অবস্থানকালে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি, কলকাতায় তাদের বিরুদ্ধে জনরোষের আশঙ্কাও প্রকাশ পেয়েছে।

 

ঘটনার সূত্রপাত হয় পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামের এক তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট থেকে। তিনি বাহারকে ২০২১ সালের দুর্গাপূজায় সহিংসতার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন, যেখানে একটি পূজা মণ্ডপে ধর্মগ্রন্থ রেখে উত্তেজনা ছড়ানো হয়েছিল বলে দাবি করা হয়।

 

এই পোস্টের পরপরই বাহার ও তার মেয়েকে রাজারহাট নিউটাউন এলাকায় আটক করা হয়। যদিও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো মামলা হয়নি, রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তাজনিত বিবেচনায় পুলিশ তাদের মুক্তি দেয়।

প্রিন্ট করুন