প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কেনাকাটায় অনিয়মের অভিযোগে ড্যাব নেতাদের বিরুদ্ধে পাল্টাপাল্টি কর্মসূচি, স্থগিত কমিটি

রুহুল আমিন চৌধুরী সুমন :

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের কেনাকাটায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা ও মহানগর শাখায় তীব্র সাংগঠনিক উত্তেজনা দেখা দিয়েছে।

 

সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হায়দার সম্প্রতি ড্যাব কুমিল্লা জেলার সভাপতি মোহাম্মদ মাসুম হাসানের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, ২৪ কোটি টাকার কেনাকাটায় এম এম হাসান ২ কোটি ২০ লাখ টাকা ঠিকাদারের কাছ থেকে নিয়েছেন, আর হাসপাতালের পরিচালক নিয়েছেন আরও ২ কোটি টাকা।

 

এই অভিযোগের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে ‘কুমিল্লার সচেতন নাগরিক’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এম এম হাসানের অনুসারীরা।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে চিকিৎসক না থাকলেও সবাই এম এম হাসানের সমর্থক হিসেবে পরিচিত। কালীরবাজার এলাকার বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, “এটি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আরিফ হায়দার মোটা অঙ্কের টাকা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।”

 

আবদুল লতিফ নামের একজন বলেন, “ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই অপপ্রচার। আমরা তারেক রহমান ও ড্যাব কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানাচ্ছি, বিএনপির নাম ভাঙিয়ে যারা সংগঠনের সুনাম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

 

এর আগে ২১ সেপ্টেম্বর ড্যাবের কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ও জাতীয়তাবাদী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সভায় আরিফ হায়দার এম এম হাসানের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রকাশ করেন।

 

তবে এম এম হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আরিফ হায়দার আশঙ্কা করছেন, তাঁর কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে ড্যাব থেকে বাদ পড়তে পারেন। তাই তিনি এসব মিথ্যাচার করছেন।”

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ২২ সেপ্টেম্বর রাতে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার সব কার্যক্রম স্থগিত করা হয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

 

এই ঘটনায় ড্যাবের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে, যা সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন