প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের সাক্ষাৎকার বিশ্বকে নাড়িয়ে দিয়েছে : মনিরুল হক চৌধুরী

রুহুল আমিন চৌধুরী সুমন :

“বর্তমান পরিস্থিতে এ দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই”—এ কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, “বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের যে শিক্ষা, সে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত “পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে সামাজিক ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ‘সম্ভাবনাময় বাংলাদেশ’।

 

মনিরুল হক চৌধুরী বলেন, “দীর্ঘ ১৫ বছর পর তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন, তা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। একজন সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, এই সাক্ষাৎকার তারেক রহমানের রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্বের প্রমাণ। গত এক বছরে তার নেতৃত্বে নির্বাচনের পথে যে ঐক্যবদ্ধ অগ্রযাত্রা শুরু হয়েছে, তা নজিরবিহীন। তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি দেশনায়ক, রাষ্ট্রনায়ক।”

 

তিনি আরও বলেন, “বিএনপি দেশকে ভালোবাসে। শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। গত বছরের ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব শুরু হয়েছিল, তা সম্পন্ন করবেন তারেক রহমান। বিএনপি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। নির্বাচন আদায়ের জন্য তারেক রহমানের আহ্বানে আমরা রাজপথে নামবো।”

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা জেলা জজ আদালতের পিপি এডভোকেট কাইমুল হক রিংকু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

 

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।

 

মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, সাবেক ডিন এবং ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

প্রিন্ট করুন