প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুন করে জানাজায় অংশ নেয় ভাই!

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগর উপজেলার সিমানারপাড় গ্রামে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। ৬ বছর বয়সী শিশু আদিবা জাহান মীমকে হত্যার অভিযোগে তার চাচাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ (১৯) কে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

 

গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে মীম নিখোঁজ হয় নিজ বাড়ি থেকে। ৬ দিন পর ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের হাতে ও গলায় রশি বাঁধা ছিল, যা হত্যার নির্মমতা স্পষ্ট করে।

 

হত্যাকাণ্ডের ১২ দিন পর, ৪ নভেম্বর সোমবার রাতে পুলিশ অভিযুক্ত আবুল হাসানাত আব্দুল্লাহকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে সিমানারপাড় গ্রামের আবদুর রশিদের ছেলে এবং মীমের চাচাতো ভাই।

 

মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার ১১নং আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আবিদা সুলতানা মলি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এই ঘটনার সবচেয়ে ভয়ংকর দিক হলো, হত্যার পরও আব্দুল্লাহ পরিবারের সঙ্গে মীমকে খুঁজতে অংশ নেয়, জানাজা ও দাফন-কাফনের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলেও অংশ নেয়। তার এই ভণ্ডামি ও নিষ্ঠুরতা স্থানীয়দের মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

 

শিশু মীমের নির্মম পরিণতিতে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। তারা এই জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

 

এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সম্পর্কের পবিত্রতা ও বিশ্বাসের উপর এক ভয়ংকর আঘাত।

প্রিন্ট করুন